দীনবন্ধু মঞ্চে উন্নয়ন না হওয়ায় ক্ষোভ, সরেজমিনে পৌঁছালেন মেয়র গৌতম দেব

শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা:
দীর্ঘদিন ধরেই অবহেলা এবং উন্নয়নের অভাব নিয়ে শিলিগুড়ির অন্যতম ঐতিহ্যবাহী সিনেমা হল ‘দীনবন্ধু মঞ্চ’-এর বিরুদ্ধে ক্ষোভ জমছিল সাধারণ মানুষের। ভাঙাচোরা চেয়ার, নষ্ট আলো, পুরনো অবকাঠামো—সব মিলিয়ে দর্শকদের অভিযোগ বেড়েই চলছিল। শিলিগুড়ির নাগরিকদের সেই ক্ষোভ প্রশাসনের কানে পৌঁছাতেই মঙ্গলবার দুপুরে হঠাৎই দীনবন্ধু মঞ্চে হাজির হলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব।

এদিন মেয়রকে সঙ্গে ছিলেন পুরনো শহর এলাকার বেশ কয়েকজন বস্তুকার ও পুরসভার সংশ্লিষ্ট আধিকারিকরা। হলের বর্তমান অবস্থা ঘুরে দেখেই সমস্যার গভীরতা বুঝলেন মেয়র। ভাঙা আসন ও নষ্ট অবকাঠামোর ছবি নিজের চোখে দেখে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেন তিনি।

দীর্ঘদিন ধরে এখানে সিনেমা দেখতে আসা দর্শকেরা জানিয়েছেন, “এত পুরনো ও জনপ্রিয় হল, তাও রাজ্য সরকারের অধীনে—কিন্তু আজও কোনও বড় মেরামতির কাজ হচ্ছে না। পরিবার নিয়ে সিনেমা দেখতে এসে ভাঙা চেয়ার দেখে খুবই খারাপ লাগে।”

মেয়র গৌতম দেব বলেন, “সময় পাচ্ছিলাম না, তবে আজ নিজে এসে সব দেখে গেলাম। দীনবন্ধু মঞ্চ শিলিগুড়ির মানুষের অনুভূতির সঙ্গে জড়িয়ে আছে। তাই এই হল ঠিক রাখা আমাদের দায়িত্ব।” তিনি আরও জানান, সমস্যাগুলি চিহ্নিত করে দ্রুত কাজ শুরু করার পরিকল্পনা নেওয়া হবে।

মেয়র জানান, “হলটি ভালোভাবে সংস্কার হলে বড় বড় ভালো সিনেমা আনা যাবে। শহরের মধ্যে থাকা এই ঐতিহ্যবাহী হলকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য। একজন মহানাগরিক হিসেবে এবং এই শহরের অভিভাবক হিসেবে দীনবন্ধু মঞ্চের উন্নয়ন আমার অগ্রাধিকারের মধ্যে পড়ে।”

স্থানীয়রা আশা করছেন, মেয়রের এই হঠাৎ পরিদর্শন দীনবন্ধু মঞ্চের পুনর্বাসনের পথ দ্রুত খুলে দেবে। বহু দশকের স্মৃতি এবং আবেগের কেন্দ্রবিন্দু, শহরের প্রিয় দীনবন্ধু মঞ্চ আবারও আগের রূপে ফিরবে—এই আশায় শিলিগুড়ির মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these