শিলিগুড়িতে গত কয়েকদিন ধরে পেঁয়াজের দাম নিয়ে চারদিকে ছড়িয়ে পড়েছিল নানা গুজব। বাজারে নাকি পেঁয়াজ মিলবে না, দাম নাকি এক লাফে ২০০ টাকার ঘরে পৌঁছে যাবে—এমনই কথা রটছিল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের আড্ডা পর্যন্ত।
কিন্তু বাস্তবে বাজারে গেলে ছবিটা একেবারেই অন্য।
এখনও পেঁয়াজের দাম ৩৫ টাকা কেজি–র আশেপাশেই ঘোরাফেরা করছে। বিক্রেতারা জানিয়েছেন, চাহিদা–সরবরাহের ওপর নির্ভর করে দাম সামান্য বাড়তে পারে ঠিকই, তবে ২০০ টাকায় পৌঁছোনোর কোনও সম্ভাবনাই নেই।
দোকানদারদের কথায়,
“এগুলো সব ভিত্তিহীন গুজব। পেঁয়াজের মজুত যথেষ্ট আছে। মানুষকে আতঙ্কিত করার জন্যই এসব ভুল খবর ছড়ানো হচ্ছে।”
বাজারের পরিস্থিতিও সেই কথাই প্রমাণ করছে। কোথাও পেঁয়াজের ঘাটতি নেই, ক্রেতাদের ভিড়ও স্বাভাবিক। ফলে পেঁয়াজ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তার কারণ নেই বলেই মনে করছেন সাধারণ মানুষও।
বাজার পর্যবেক্ষকদের মতে, নতুন ফসল বাজারে আসতে শুরু করলে দাম আরও স্থিতিশীল হবে। আপাতত গুজবে কান না দিয়ে বাস্তব পরিস্থিতি দেখাই শ্রেয়।