শিলিগুড়ি জেলা হাসপাতালের সামনে অব্যাহত শব্দ দূষণ, উদ্বিগ্ন রোগী ও স্বজনেরা

শিলিগুড়ি: সামনে জেলা হাসপাতাল, অথচ শব্দ দূষণ কমানোর কোনও লক্ষণ নেই—এমনই অভিযোগ উঠছে শিলিগুড়ি জেলা হাসপাতালের সামনের রাস্তা ঘিরে। শহরের অন্যতম ব্যস্ত এই রাস্তায় নিয়ম অনুযায়ী জোরে হর্ন বাজানো তো দূরের কথা, শব্দ করাই নিষিদ্ধ। কিন্তু বাস্তবে প্রশাসনের এই নিষেধাজ্ঞাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই সারাদিন ধরে চলাচল করছে নানা ধরনের যানবাহন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিনই বহু রোগী এখানে ভর্তি থাকেন কিংবা চিকিৎসার জন্য আসেন। এই অতিরিক্ত শব্দ দূষণের কারণে রোগীদের, বিশেষ করে বয়স্ক ও গুরুতর অসুস্থ রোগীদের ক্ষেত্রে মারাত্মক সমস্যা তৈরি হচ্ছে। অনেক সময় অতিরিক্ত শব্দ তাঁদের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা করছেন রোগীর স্বজনেরা।

রোগীর অভিভাবকদের অভিযোগ, একাধিকবার বিষয়টি জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি শিলিগুড়ির মেয়র নিজে এই সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও এখনও পর্যন্ত বাস্তব কোনও সমাধান দেখা যায়নি।

হাসপাতালে ভর্তি রোগীদের আত্মীয়দের বক্তব্য, “প্রচণ্ড জোরে হর্ন আর গাড়ির আওয়াজ অনেক সময় বয়স্ক রোগীদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আমরা নিজেরাও এই পরিস্থিতি নিয়ে ভীষণ চিন্তিত।”

এদিকে খবর পাওয়া যাচ্ছে, শিলিগুড়ির সচেতন নাগরিক সমাজ এই গুরুতর বিষয়টি নিয়ে শীঘ্রই পদক্ষেপ নিতে পারে। প্রশাসন ও ট্রাফিক বিভাগের তরফে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আন্দোলনের পথেও হাঁটতে পারেন নাগরিকরা—এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these