Messi India Tour নিয়ে বিস্ফোরক তথ্য: প্রায় ১০০ কোটি টাকায় ভারতে এসেছিলেন মেসি

Senews Bangla | স্পোর্টস ডেস্ক
বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির ভারত সফর ঘিরে এবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারী সংস্থার কাছে দেওয়া জবানবন্দিতে আয়োজকদের তরফে জানানো হয়েছে, ভারতে আসার জন্য প্রায় ১০০ কোটি টাকা নেওয়া হয়েছিল মেসির জন্য।
তথ্য অনুযায়ী, এই বিপুল অঙ্কের মধ্যে প্রায় ৮৯ কোটি টাকা সরাসরি মেসির পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়, আর বাকি প্রায় ১১ কোটি টাকা কর (ট্যাক্স) হিসেবে জমা পড়ে ভারত সরকারের কোষাগারে। সব মিলিয়ে মেসির ভারত সফরের মোট খরচ দাঁড়ায় প্রায় ১০০ কোটি টাকা।
এই তথ্য সামনে এসেছে মেসির ‘GOAT Tour India’ আয়োজন সংক্রান্ত তদন্ত চলাকালীন। আয়োজক সংস্থার অন্যতম মুখ সতদ্রু দত্ত তদন্তকারী দলের কাছে জানিয়েছেন, স্পনসরশিপ, টিকিট বিক্রি এবং মিট-অ্যান্ড-গ্রিটের মাধ্যমে মোট খরচের মাত্র ৩০ শতাংশ অর্থই সংগ্রহ করা সম্ভব হয়েছিল। বাকি অর্থ জোগাড় করাই হয়ে ওঠে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
উল্লেখযোগ্যভাবে, কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মেসির অনুষ্ঠান চলাকালীন বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় মাঝপথেই ইভেন্ট বন্ধ করতে হয়। এই ঘটনার পরই গোটা আয়োজন নিয়ে শুরু হয় তদন্ত, এবং পরবর্তীতে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় সতদ্রু দত্তকে।
তদন্তে আরও জানা গেছে, নিরাপত্তা সংক্রান্ত কিছু বিষয় নিয়েও প্রশ্ন উঠেছে। আয়োজকদের বক্তব্য অনুযায়ী, মেসি ভিড়ের মধ্যে অপ্রয়োজনীয় স্পর্শ বা ধাক্কাধাক্কি একেবারেই পছন্দ করতেন না, যা পরিস্থিতি সামলানোকে আরও জটিল করে তোলে।
সব মিলিয়ে, যে সফর ঘিরে ছিল বিপুল উন্মাদনা ও প্রত্যাশা, তা শেষ পর্যন্ত রূপ নেয় বিতর্ক ও তদন্তে। এখন দেখার, এই ঘটনায় আগামী দিনে আরও কী তথ্য সামনে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these