নতুন রাজনৈতিক দল গঠনের পথে হুমায়ুন কবীর, দলীয় নাম নিয়ে জোর জল্পনা

মুর্শিদাবাদ: নতুন রাজনৈতিক দল গঠনের পথে আরও এক ধাপ এগোলেন প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীর। সম্প্রতি মুর্শিদাবাদ জেলা জুড়ে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে একাধিক ফ্লেক্স ও ব্যানার, যা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ওই সব ব্যানারে ইঙ্গিত মিলছে, হুমায়ুন কবীরের প্রস্তাবিত নতুন দলের নাম হতে পারে ‘জনতা উন্নয়ন পার্টি’

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, দলের আনুষ্ঠানিক ঘোষণা এখনও না হলেও আগাম বার্তা দিতেই বিভিন্ন এলাকায় এই ব্যানার লাগানো হয়েছে। ব্যানারগুলিতে লেখা রয়েছে— “বাংলার মানুষের স্বার্থে নতুন রাজনৈতিক পথচলা”। এর জেরে সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক মহলেও কৌতূহল ও আলোচনা তুঙ্গে।

খবর অনুযায়ী, খুব শীঘ্রই একটি জনসভার মাধ্যমে নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা করতে পারেন হুমায়ুন কবীর। সেই সভাতেই দলের নাম, আদর্শ, কর্মসূচি এবং ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা স্পষ্ট করা হতে পারে বলে অনুমান রাজনৈতিক মহলের।

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস ছেড়ে নতুন দল গঠনের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই হুমায়ুন কবীরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা চলছিল। এবার ব্যানারে প্রকাশ্যে আসা সম্ভাব্য দলের নাম সেই জল্পনাকে আরও উসকে দিল বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

নতুন এই রাজনৈতিক দল রাজ্যের রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারবে, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। আপাতত সব নজর এখন হুমায়ুন কবীরের আনুষ্ঠানিক ঘোষণার দিকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these