সোদপুরের আবাসন থেকে দুই বোনের দেহ উদ্ধার, আত্মহত্যা না খুন—ঘনাচ্ছে রহস্য

সোদপুর: সোদপুরের একটি আবাসন থেকে দুই বোনের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত দুই বোন পানিহাটির ৩ নম্বর ওয়ার্ডের হরিশচন্দ্র দত্ত রোডের বাসিন্দা। তাঁদের নাম সবিতা দত্ত চট্টোপাধ্যায় (৬১) এবং কনিকা দত্ত (৫৭)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়দা থানার পুলিশ।

জানা গেছে, হরিশচন্দ্র দত্ত রোডের একটি আবাসনের একতলার ফ্ল্যাট থেকে দুই বোনের দেহ উদ্ধার করা হয়। ওই ফ্ল্যাটে তাঁরা দু’জনই একাই থাকতেন। প্রতিবেশীদের দাবি, দীর্ঘদিন ধরেই পরিবারটি চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল। কোনও স্থায়ী আয়ের উৎস ছিল না এবং নিত্যদিনের খাবার জোগাড় করতেও তাঁদের সমস্যায় পড়তে হচ্ছিল।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘদিন অনাহারে থাকার কারণেই দুই বোনের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে আত্মহত্যা নাকি অন্য কোনও রহস্যজনক কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে চাইছে না তদন্তকারীরা।

দুই বোনের এই মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে গোটা এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখে তদন্ত চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these