নিশংস হত্যাকাণ্ডে তীব্র চাঞ্চল্য, যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধারে এলাকাজুড়ে আতঙ্ক

সালেমা: ফের একবার নৃশংস হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়াল এলাকায়। সালেমা মোটরস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হল এক যুবতী মহিলার রক্তাক্ত মৃতদেহ। মৃতার নাম লিপিকা শর্মা (২৭)। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবতীর মাথায় ভারী কোনও বস্তু দিয়ে সজোরে আঘাত করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মাথায় আঘাতের কারণেই লিপিকার মৃত্যু হয়েছে। ঘটনাস্থলের অবস্থা দেখে পুলিশ এটিকে নৃশংস হত্যাকাণ্ড বলেই মনে করছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, লিপিকা দীর্ঘদিন ধরেই বাপের বাড়িতে থাকতেন। মৃতার বাবা জানিয়েছেন, মেয়ের ব্যক্তিগত সম্পর্কজনিত কোনও বিবাদের জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন। যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি। এই ঘটনায় প্রেমঘটিত বিরোধ বা পারিবারিক অশান্তির কোনও যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

মৃতার স্বামী দীপক দেবনাথ, যিনি মানিকভান্ডার ঘাটি এলাকার বাসিন্দা। ঘটনার খবর পাওয়ার পরই সালেমা থানার ওসি দীপক দাস সহ বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করা হয়। পরে ফরেনসিক টিম এসে ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ ও সময় সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। তদন্তকারীরা মৃতার মোবাইল ফোন, কল ডিটেলস এবং সাম্প্রতিক যোগাযোগের তথ্যও খতিয়ে দেখছেন।

এই ঘটনার পিছনে কে বা কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশ আশ্বাস দিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখে দ্রুতই এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা হবে। ঘটনায় জড়িতদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে বলেও জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।

এদিকে, আচমকা ঘটে যাওয়া এই ঘটনায় সালেমা ও আশপাশের এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these