SIR প্রক্রিয়ার মাঝেই নবদ্বীপে পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার অসংখ্য ভোটার কার্ড, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা:
রাজ্যে SIR প্রক্রিয়া চলাকালেই নবদ্বীপে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। প্রতাপনগর হাসপাতাল রোডের এক পরিত্যক্ত জায়গা থেকে বিপুল সংখ্যক ভোটার কার্ড উদ্ধার হওয়ায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের অভিযোগ—উদ্ধার হওয়া কার্ডগুলির আসল কপি তাঁদের বাড়িতেই রয়েছে। ফলে এক ভোটার কার্ডের নকল কপি কীভাবে রাস্তায় এল, তা নিয়ে রহস্য আরও গাঢ় হয়েছে।

ঘটনার খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলি সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। কোন উদ্দেশ্যে এই কার্ডগুলি সেখানে ফেলা হল, কারা এর সঙ্গে জড়িত—সবদিক খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের একাংশের উদ্বেগ—
“ভোটার কার্ড মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। যদি এগুলি এত সহজে এবং অবৈধভাবে তৈরি করা যায়, তাহলে সাধারণ মানুষের জন্য তা ভয়ঙ্কর বিপদের ইঙ্গিত। আর তার ফলই আমরা আজ দেখছি।”

এ ঘটনায় রাজনৈতিক চাপান–উতরও তীব্র হয়েছে। বিরোধীরা নির্বাচন প্রক্রিয়ার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে আতঙ্ক ও অবিশ্বাসের পরিবেশ।

পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত দ্রুত সম্পন্ন করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these