শিলিগুড়ির ভুটিয়া মার্কেট সংলগ্ন এলাকায় মৎস্য দপ্তরের উদ্যোগে সরকারি মাছ বিক্রি করা হচ্ছে। বিভিন্ন প্রজাতির মাছ তুলনামূলক সাশ্রয়ী দামে পাওয়া যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে এই বিক্রি যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে।
মাছের বিক্রেতারা জানিয়েছেন, মাছের প্রকারভেদ অনুযায়ী দামের তারতম্য রয়েছে। তবে সরকারি উদ্যোগে বিক্রি হওয়ায় গুণমান ভালো থাকায় বহু মানুষ এখান থেকে মাছ কিনতে আগ্রহ দেখান। মাছ কেনার জন্য মাঝে মধ্যেই লাইন পড়ছে বলেও জানিয়েছেন বিক্রেতারা।
ভুটিয়া মার্কেট চত্বরে বর্তমানে মাছের বিক্রি বেশ জমজমাট। ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। বিক্রেতাদের কথায়, মাছের বাজারে দামের ওঠানামা স্বাভাবিক বিষয় হলেও বিক্রি ভালোই হচ্ছে।
এক বিক্রেতা বলেন, “মাছের দামে কমবেশি হয়েই থাকে। কিন্তু সরকারি মাছ হওয়ায় ক্রেতারা ভরসা পান। তাই বিক্রি ভালো হচ্ছে আমাদের।”
মৎস্য দপ্তরের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। তাঁদের মতে, নিয়মিতভাবে এমন সরকারি মাছ বিক্রির ব্যবস্থা থাকলে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের পক্ষে বাজার করা অনেকটাই সুবিধাজনক হবে।