শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ ও আনন্দ দেওয়ার লক্ষ্যেই ‘আলোর দিশারী’-র পড়ুয়াদের নিয়ে বিশেষ উদ্যোগ নিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। ‘আলোর দিশারী’ এমন এক প্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া ও আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি নানাভাবে সহায়তা করে আসছে।
এই উদ্যোগের অঙ্গ হিসেবে ‘আলোর দিশারী’-তে পড়াশোনা করা ও সহায়তা পাওয়া ছাত্রছাত্রীদের নিয়ে একটি পিকনিকের আয়োজন করা হয়। পিকনিকের মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের পড়াশোনার একঘেয়েমি থেকে কিছুটা মুক্তি দেওয়া এবং আনন্দের মাধ্যমে তাদের মানসিকভাবে চাঙ্গা করা।
এই প্রসঙ্গে মেয়র গৌতম দেব বলেন, “বহুদিন ধরেই বিভিন্ন মানুষের সঙ্গে মিশে নানা অভিজ্ঞতা হয়েছে। ‘আলোর দিশারী’ ছাত্রছাত্রীদের জন্য একটি ভরসার জায়গা। এখানে যারা পড়াশোনা করছে বা সাহায্য পাচ্ছে, তাদের ভালো রাখাই আমাদের লক্ষ্য। আজ আমরা পিকনিকে যাচ্ছি, আশা করি ওদের মন ভালো থাকবে। আমাদের কাজ আমরা আগামীতেও করে যাব।”
তিনি আরও জানান, ভবিষ্যতে ‘আলোর দিশারী’-র ছাত্রছাত্রীদের জন্য আরও নানা পরিকল্পনা রয়েছে, যা তাদের পড়াশোনা ও আনন্দ—দু’দিক থেকেই উপকৃত করবে।
এই উদ্যোগে খুশি ছাত্রছাত্রীরাও। তাদের মতে, পড়াশোনার পাশাপাশি এ ধরনের কর্মসূচি তাদের মানসিক শক্তি বাড়ায় এবং ভবিষ্যতের পথে এগিয়ে চলার অনুপ্রেরণা জোগায়।