মেসির নামে সিংহশাবক, আম্বানিদের বনতারায় ফুটবল মহাতারকার অনন্য সম্মান

জামনগর: ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসিকে ঘিরে এক অনন্য সম্মানের সাক্ষী থাকল আম্বানি পরিবারের বনতারা। ভারত সফরের সূচি বাড়িয়ে বিশেষ ব্যবস্থায় গুজরাটের জামনগরে বনতারায় পৌঁছেছিলেন আর্জেন্টিনার তারকা। বিদেশি অতিথি হিসেবে তাঁর আপ্যায়নে কোনও ত্রুটি রাখেনি আম্বানি পরিবার। জাঁকজমকপূর্ণ অভ্যর্থনার পাশাপাশি মেসির জন্য রাখা হয়েছিল এক বিশেষ চমক।

সূত্রের খবর, মেসির সম্মানে অনন্ত ও রাধিকা আম্বানি বনতারার একটি সিংহশাবকের নাম রেখেছেন ‘লিওনেল’। এই খবর প্রকাশ্যে আসতেই মেসি অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে আলাদা উত্তেজনা।

প্রায় ৩০০০ একর জুড়ে বিস্তৃত বনতারায় বর্তমানে ৪৩ প্রজাতির প্রায় ২০০০ প্রাণী রয়েছে। এশিয়ার বিরল সিংহ, তুষারচিতা, একশৃঙ্গ গণ্ডার-সহ বহু বিপন্ন প্রাণীর নিরাপদ আশ্রয়স্থল এই চিড়িয়াখানা। এই প্রাকৃতিক পরিবেশেই বড় হবে ‘লিওনেল’ নামের সিংহশাবকটি।

কলকাতা, হায়দরাবাদ, মুম্বই ও দিল্লি সফরের পর মেসি তাঁর দুই সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি’পলকে সঙ্গে নিয়ে বনতারায় পৌঁছান। সেখানে আম্বানি পরিবারের সদস্যরা তাঁদের পারিবারিক অতিথির মতোই উষ্ণ অভ্যর্থনা জানান।

বনতারার অভ্যন্তরে অবস্থিত মন্দিরে হিন্দু রীতি মেনে পুজো দিতেও দেখা যায় মেসিকে। গলায় রুদ্রাক্ষের মালা পরে মাথা নত করে প্রণাম করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন সুয়ারেজ ও ডি’পল। অনন্ত আম্বানি নিজে তাঁদের পুরো বনতারার ভ্রমণ করান এবং বিভিন্ন প্রাণীর সঙ্গে পরিচয় করিয়ে দেন।

এই অভিজ্ঞতায় আপ্লুত মেসি নাকি জানিয়েছেন, ভবিষ্যতে ভারতে এলে আম্বানি পরিবারের আতিথেয়তা গ্রহণে তাঁর কোনও আপত্তি নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these