‘পাঠান ২’-এ শাহরুখের মুখোমুখি জুনিয়র এনটিআর? স্পাই ইউনিভার্সে জোর চর্চা

মুম্বই: ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘পাঠান’-এর অভূতপূর্ব সাফল্যের মাধ্যমে দীর্ঘ ফ্লপের ধারা কাটিয়ে বলিউডে স্বমহিমায় ফেরেন শাহরুখ খান। বক্স অফিসে ঝড় তোলা সেই ছবির পর থেকেই দর্শকদের একটাই প্রশ্ন—কবে আসছে ‘পাঠান ২’? এবার সেই প্রশ্নের মাঝেই উঠে এল নতুন চমকপ্রদ গুঞ্জন।

ইতিমধ্যেই জানা গিয়েছে, যশরাজ ফিল্মস কর্ণধার আদিত্য চোপড়া ‘পাঠান ২’-এর চিত্রনাট্যের চূড়ান্ত খসড়া তৈরি করে ফেলেছেন। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের শুরুতেই ছবির শুটিং শুরু হওয়ার কথা। তবে তার আগেই স্পাই ইউনিভার্স ঘিরে দর্শকদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে এক বিশেষ খবর।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে দাবি, ‘পাঠান ২’-এ শাহরুখ খানের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআরকে। যদিও এখনও ছবির নির্মাতাদের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে শোনা যাচ্ছে—জুনিয়র এনটিআরকে এমন এক শক্তিশালী চরিত্রে কাস্ট করা হতে পারে, যা হবে কিং খানের সমতুল। ফলে বড় পর্দায় দুই সুপারস্টারের মুখোমুখি লড়াই দেখার সম্ভাবনায় রীতিমতো উত্তেজিত অনুরাগীরা।

সূত্রের খবর, ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকেই ‘পাঠান ২’-এর চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করেছিলেন আদিত্য চোপড়া। তাঁর লক্ষ্য ছিল শুধু একটি সিকুয়েল বানানো নয়, বরং যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সকে আরও বৃহৎ ও আকর্ষণীয় করে তোলা। সেই কারণেই সময় নিয়ে বিভিন্ন দিক বিচার করে নিজেই চিত্রনাট্যে হাত দেন তিনি।

পুরো প্রক্রিয়াজুড়ে শাহরুখ খানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছিলেন আদিত্য চোপড়া। শোনা যাচ্ছে, চিত্রনাট্য শুনে দারুণ খুশি ও উত্তেজিত এসআরকে। আর সেই উত্তেজনাই ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে দর্শকমহলেও। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these