শিলিগুড়ি: খসড়া তালিকা প্রকাশের দু’দিন পেরিয়ে গেলেও শিলিগুড়ির বিভিন্ন বুথে এখনও ভিড় চোখে পড়ছে। নিজেদের নাম তালিকায় রয়েছে কি না, তা যাচাই করতে সকাল থেকেই বহু মানুষ বুথে বুথে যাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অনেকেই তালিকায় নাম পাওয়া নিয়ে স্বস্তি পেলেও ‘হেয়ারিং’ সংক্রান্ত খবরে নতুন করে উদ্বেগ বাড়ছে। তালিকায় নাম থাকলেও যাচাই প্রক্রিয়ার জন্য ডাকা হতে পারে—এই আশঙ্কায় অনেকে চিন্তিত হয়ে পড়ছেন।
বুথে আসা সাধারণ মানুষের বক্তব্য, স্পষ্ট তথ্যের অভাবে বিভ্রান্তি বাড়ছে। দ্রুত ও স্বচ্ছভাবে পুরো প্রক্রিয়া সম্পন্ন হলে এই অনিশ্চয়তা কাটবে বলেই মনে করছেন তাঁরা।
এদিকে প্রশাসনিক সূত্রের দাবি, খসড়া তালিকা সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ম মেনেই করা হচ্ছে এবং সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আবেদন জানানো হয়েছে। তবে চূড়ান্ত তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত শিলিগুড়ির বিভিন্ন বুথে এই ভিড় ও উৎকণ্ঠা বজায় থাকবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।