নতুন বছরে সুখবর গিগ ওয়ার্কারদের জন্য, কেন্দ্রীয় খসড়া নিয়মে আসছে সামাজিক সুরক্ষা সুবিধা

কলকাতা / নতুন দিল্লি: নতুন বছরের শুরুতেই দেশের গিগ ও প্ল্যাটফর্ম ওয়ার্কারদের জন্য সুখবর এসেছে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক সম্প্রতি প্রকাশ করেছে Code on Social Security Central Rules 2025-এর খসড়া নিয়ম, যা গিগ ও প্ল্যাটফর্ম ওয়ার্কারদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

গিগ ইকোনমিতে যুক্ত কর্মীরা—যেমন খাবার ডেলিভারি, রাইড শেয়ারিং, অনলাইন ফ্রিল্যান্সিং—অনিয়মিত সময়সূচি, অতিরিক্ত কাজের চাপ এবং সামাজিক নিরাপত্তার অভাবের সমস্যার মুখোমুখি থাকেন। গত ২৫ ও ৩১ ডিসেম্বর এই দাবিতে দেশজুড়ে ধর্মঘটও হয়েছিল। এবার সেই দাবির প্রেক্ষিতে কেন্দ্র এই খসড়া নিয়মের মাধ্যমে বাস্তব পদক্ষেপ নিচ্ছে।

নতুন নিয়ম অনুযায়ী, গিগ ওয়ার্কাররা পাবেন স্বাস্থ্য বিমা, জীবন বিমা এবং দুর্ঘটনা বিমার সুবিধা। তবে সুবিধা পাওয়ার জন্য কিছু শর্তও থাকবে:

  • যারা একক অ্যাপ বা এগ্রিগেটরের সঙ্গে যুক্ত, তাদের কমপক্ষে ৯০ দিন কাজ করতে হবে
  • যারা একাধিক প্ল্যাটফর্মে যুক্ত, তাদের এক বছরে ন্যূনতম ১২০ দিন কাজের শর্ত থাকবে।

উল্লেখযোগ্য, কাজ শুরু করার দিন থেকেই গিগ ওয়ার্কার হিসেবে গণ্য হবেন, উপার্জনের পরিমাণ যাই হোক না কেন। একই দিনে একাধিক অ্যাপে কাজ করলে তা আলাদা আলাদা কাজের দিন হিসেবে ধরা হবে।

১৬ বছরের ঊর্ধ্বে সমস্ত গিগ ওয়ার্কারদের আধার ও প্রয়োজনীয় নথি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। কাজের তথ্য সংশ্লিষ্ট অ্যাপ বা এগ্রিগেটর কেন্দ্রীয় পোর্টালে আপলোড করবে, যা ভিত্তিতে তৈরি হবে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর। প্রতিটি রেজিস্টার্ড কর্মী পাবেন ডিজিটাল ও ফিজিক্যাল আইডেন্টিটি কার্ড

নিয়ম অনুযায়ী, গিগ ওয়ার্কারদের জন্য একটি আলাদা সোশ্যাল সিকিউরিটি ফান্ড তৈরি হবে। এগ্রিগেটরদের কাছ থেকে কন্ট্রিবিউশন সংগ্রহের জন্য কেন্দ্রীয় আধিকারিকও নিয়োগ করা হবে। ৬০ বছর বয়স হওয়ার পর এই স্কিমের অধীনে সুবিধা পাওয়া যাবে। এছাড়াও, নির্দিষ্ট সময় কাজ না করলেও আর্থিক সহায়তা ও অন্যান্য সুযোগ বজায় থাকবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এটি গিগ ও প্ল্যাটফর্ম ওয়ার্কারদের জন্য একটি বড় ইতিবাচক পদক্ষেপ। এর মাধ্যমে শুধু সামাজিক সুরক্ষা নিশ্চিত হবে না, বরং দেশের গিগ ইকোনমি ও কর্মসংস্থানে একটি স্থায়ী ও নিয়ন্ত্রিত কাঠামো গড়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these